রাজবাড়ীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

রাজবাড়ীর কালুখালীতে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুর রাজ্জাক শেখ (৫০) নামে একজন জেলের মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজবাড়ী- পাবনা সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুর রাজ্জাক শেখ উপজেলার কৃষ্ণনগর এলাকার মৃত নবাব আলী শেখের ছেলে।

ইউপি সদস্য মো . আনেস খাঁ বলেন, ‘রাজ্জাকসহ দুজন জেলে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিলো। বজ্রপাতে আব্দুর  রাজ্জাক নিহত হয়। এ ঘটনায় দুজন আহত হয়।’ 

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুর রহমান বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।