যমুনা টিভির ময়মনসিংহ ব্যুরো চিফ হোসাইন শাহীদ ও ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় পিটিয়ে দেলোয়ার হোসেনের ডান হাত ভেঙে ফেলা হয়। গতকাল বুধবার সকালে পাটগুদাম এলাকার রেলওয়ে নিউ কলোনিতে এ হামলার ঘটানা ঘটে।
জানা যায়, হোসাইন শাহীদ ও দেলোয়ার হোসেন মোটরসাইকেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে রেলওয়ে নিউ কলোনিতে পৌঁছালে এক যুবক তাদের ওপর হামলা চালায়। প্রথমে রেললাইনের পাত দিয়ে হোসাইন শাহীদের মাথায় আঘাত করে। পরে দেলোয়ার হোসেনকে মারধর করে। স্থানীয়রা উদ্ধার করে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ নিউ কলোনি এলাকা থেকে অভিযুক্ত আলিফ ইমরানকে আটক করে। কোতোয়ালি থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, হামলাকারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।