জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে আইন উপদেষ্টাকে আহ্বায়ক করে তিন সদস্যের উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। আগামী ১০ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে হবে। এ কমিটিতে আরও রয়েছেন স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টা। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গেজেট আকারে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
দেশে রাজনৈতিক প্রেক্ষাপট বদলানোর পর জেলা প্রশাসক (ডিসি) পদে বদল আনা হয়। সম্প্রতি এই ডিসি নিয়োগ নিয়ে বিপুল অঙ্কের টাকার লেনদেনের অভিযোগ ওঠে, যা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। নিয়োগবাণিজ্যের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযমের নাম এসেছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে মোখলেস উর রহমান ও আলী আযমের মধ্যে হোয়াটসঅ্যাপে কথিত কথোপকথনের বেশ কিছু তথ্যও তুলে ধরা হয়। দুর্নীতির এ অভিযোগ অনুসন্ধান এবং সংশ্লিষ্ট ৬৫ কর্মকর্তার ব্যাংক হিসাব জব্দে প্রয়োজনীয় পদক্ষেপ চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন এক আইনজীবী।
গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর ওইদিন (৩ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। তার দাবি, সারা দেশে জেলা প্রশাসক নিয়োগের ক্ষেত্রে লেনদেনের অভিযোগসংক্রান্ত যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা সত্য নয়।