মঞ্চটি ছিল বাংলাদেশের সেমিফাইনালের পথ সুগম করার। উল্টো সেখানে নিজেদের শক্তির জায়গা ‘রান রেট’ আরও পোক্ত করে সেমির আশা জিইয়ে রাখল ক্যারিবীয় নারীরা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দেওয়া ১০৪ রানের লক্ষ্য টপকাতে ওয়েস্ট ইন্ডিজের লেগেছে ৭৭ বল। ৮ উইকেটের ব্যবধানে হেরে বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন ভঙ্গ হয়েছে শারজায়।
'বি' গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ তোলে ৮ উইকেটে ১০৩ রান। বাংলাদেশ স্কটল্যান্ডের বিপক্ষে করেছিল ১১৯, স্কটিশদের আটকে দিয়েছিল ১০৩ রানে। ইংল্যান্ডের বিপক্ষে করেছিল ৯৭। তৃতীয় ম্যাচে এসেও স্কোরবোর্ডে বড় রান না হওয়ার ব্যর্থতার দায় আরও একবার সেই ব্যাটারদের কাঁধেই। উইন্ডিজ স্পিনার কারিশমা রামহারাকের ঘুর্ণির কাছে পরাস্ত হন দেশের চার ব্যাটার। অ্যাফি ফ্লেচার শিকার বানান দুজনকে। এর মাঝে দাঁড়িয়েই প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার রানের মাইলফলক ছোঁন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নিঃসঙ্গ জ্যোতির ব্যাটে আসে ৪ চারে ৪৪ বলে ৩৯ রান। ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে কোনোমতে বাংলাদেশের দলীয় ১০০ পূর্ণ হয়।
সহজ লক্ষ্য তাড়ায় শুরু থেকেই তেড়ে খেলতে থাকেন হেইলি ম্যাথিউস, স্টেফানি টেইলররা। ২২ বলে ৩৪ রান করেন হেইলি। রিটায়ার্ড হার্ট হওয়ার আগে টেইলর করেন ২৭। শিমেইন ক্যাম্পবেলের ব্যাটে আসে ১৬ বলে ২১ এবং ডিয়েন্ড্রা ডটিন অপরাজিত থাকেন ৭ বলে ১৯ রানে। নাহিদা ও মারুফা একটি করে উইকেট পান। ৩ ম্যাচে ৪ পয়েন্ট এবং ১.৭০৮ রান রেট নিয়ে ‘বি’ গ্রুপে এখন সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজ।