আগের বিশ্বকাপের ১১ জন নিয়ে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ

আপডেট : ১০ মে ২০২৬, ০১:১৬ পিএম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংল্যান্ডের কন্ডিশন এবং মেগা ইভেন্টের চাপের কথা মাথায় রেখে নির্বাচকরা বড় কোনো কাটাছেঁড়া না করে অভিজ্ঞতার ওপরই আস্থা রেখেছেন। ঘোষিত এই স্কোয়াডে আছেন বিশ্বকাপের ১১ জন নিয়মিত মুখ।

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য এই আসরে টাইগ্রেসদের নেতৃত্ব দেবেন বরাবরের মতোই নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার। দল বিশ্লেষণে দেখা যায়, গত বিশ্বকাপের দাপুটে পারফর্মারদের সিংহভাগই ইংল্যান্ড যাত্রার টিকিট পেয়েছেন। মুর্শিদা খাতুন বা জাহানারা আলমের মতো অভিজ্ঞরা বাদ পড়লেও, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, রিতু মনি এবং নাহিদা আক্তারদের মতো অভিজ্ঞদের ওপরই মূল ভরসা রাখছে নির্বাচনকরা।

সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা। তার জায়গায় স্কোয়াডে নেয়া হয়েছে  তাজ নেহারকে, তিনিও ২০২৪ বিশ্বকাপ খেলেছেন। 

আগামী ১২ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হবে ১২ দলের এই শ্রেষ্ঠত্বের লড়াই। বাংলাদেশ খেলবে গ্রুপ ‘এ’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ১৪ জুন এজবাস্টনে ডাচ মেয়েদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে জ্যোতির দল।

বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার (উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস এবং তাজ নেহার।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত