ফরিদপুরে মদ্যপানে দুই তরুণীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মধ্যরাতের পরে ওই দুই তরুণীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
নিহতরা হলেন অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস। সে মাগুরা জেলার শালিকা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে। অপরজন সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রী পড়ুয়া রত্না সাহা। সে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আম গ্রামের রতন কুমার সাহার মেয়ে।
নিহতদের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারি রাজেন্দ্র কলেজে পড়ুয়া ওই দুই শিক্ষার্থী শহরের আলিপুরের কানাই মাতুব্বরের মোড় এলাকায় বাড়ী ভাড়া বসবাস করতেন। এছাড়া তারা উভয়ই একটি ক্যাফেতে পার্ট টাইম চাকরি করতেন। শুক্রবার সন্ধ্যায় পূজা দেখার জন্য দুই বান্ধবী একসাথে বাইরে বের হয়ে রাত সাড়ে দশটার দিকে বাড়ি ফিরেন। রাত একটার দিকে অসুস্থ হয়ে পড়েন তারা।
সে সময় পূজা বিশ্বাসের মাসি বিথি বিশ্বাস তাদেরকে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা দেওয়ার এক পর্যায়ে অবস্থার অবনতি হলে রাত সাড়ে তিনটার দিকে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং আরেকজন চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল আটটার দিকে মারা যান।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, আমরা খবর পেয়ে মরদেহ দুটি সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তে রিপোর্ট পাওয়ার পরে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।