চট্টগ্রামে ১১ ঘণ্টার ব্যবধানে ২ মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরে পৃথক ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় এবং গতকাল শুক্রবার (১১ অক্টোবর) রাত ১১টায় লাশ দুটি উদ্ধার করা হয়।

এর মধ্যে বায়েজিদ বোস্তামি থানাধীন আমিন কলোনিতে গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বার্মাইয়া সাইফুল গ্রুপের সাথে অপর গ্রুপের মারামারিতে ইমন নামের এক যুবক নিহত হয়েছেন। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন নগর পুলিশের উপ কমিশনার (উত্তর) ফয়সাল আহমদ।

এদিকে আজ শনিবার সকালে নগরের পাহাড়তলী থানাধীন রাসমনী ঘাটের উত্তরে সাগরপাড় লিংক রোডের পাশে হাত বাধা অবস্থায় ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পাহাড়তলী থানা উপপরিদর্শক আখতারুজ্জামান সোহাগ জানান, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সুত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে শাহাজাহান ওরফে আকাশ নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে তার হেফাজত থেকে প্রায় ২০ লাখ টাকা লুট করে বার্মাইয়া সাইফুল গ্রুপের সদস্যরা। কুঞ্জুছায়া নিজ কারখানায় এই ঘটনা ঘটে।  আহত ব্যবসায়ী শাহজাহান  চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় এক সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন। উল্টো ওই ব্যবসায়ীকে চাঁদাবাজির একটি মামলায় গ্রেপ্তার করে পুলিশ। গত ৬ অক্টোবর হাজির করার দিনই তার (শাহজাহান) জামিন মঞ্জুর করেন আদালত।

ওই দিন মধ্যরাতে শাহজাহানের কারখানায় ঢুকে তার ওপর হামলা চালায় বার্মাইয়া সাইফুল বাহিনীর ১৫/১৬জন সদস্য। লোহার রড দিয়ে তাকে পেটানো হয়। ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে চমেক  হাসপাতালে নিয়ে ভর্তি করান পুলিশ।