পূজার পর সাঁড়াশি অভিযান শুরু হবে: আইজিপি

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০২:৪১ পিএম

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, আমরা পূজার পর ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপসহ মাদক এবং ট্রাফিক ব্যবস্থাপনা সবগুলো নিয়ে সাঁড়াশি অভিযান শুরু করব।

তিনি বলেন, মাঝে মাঝে আপনাদের যে শঙ্কা তৈরি হয় এবং আমাদের কাছে যে অভিযোগ আসে আমরা সেগুলোকে আমলে নিতে চাই। আমরা যেন আইনশৃঙ্খলার অবনতির ঘটনাগুলো প্রতিহত করতে পারি।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যে নাশকতার আশঙ্কা ছিল বাস্তবে তা নেই। শান্তিপূর্ণভাবেই এ বছর পূজা উদযাপিত হচ্ছে। এ সময় আইজিপি আরও বলেন, গতকাল রাতে তাতিবাজার পূজা মণ্ডপে ছিনতাইকারীদের হামলার বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্রেপ্তারও হয়েছে। মামলা প্রক্রিয়াধীন, তদন্ত করা হচ্ছে।

আইজিপি বলেন, ইতোমধ্যে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কয়কটি ঘটনার তথ্য আমরা জেনেছি ৷ ঘটনা যত ছোটই হোক না কেন যেখানেই ঘটছে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘বিভিন্ন বাহিনীর মনিটরিংয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। গতকাল তাঁতিবাজারের ঘটনায়ও চাঁদাবাজ ও ছিনতাইকারীদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাও হবে।’

ময়নুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের প্রচারণা চালানো হচ্ছে সেগুলো ফ্যাক্টচেক করে দেখা গেছে, তার বিভিন্ন তথ্যই গুজব ছিল। এ সময় যেখানেই গুজব ছড়ানো হবে তাদের বিরুদ্ধে তথ্য দিলেই ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, যারা অপতৎপরতা চালাতে চায় তাদের সংখ্যা সীমিত। আমরা যদি একতাবদ্ধ থাকি এই সংখ্যা কোনো সংখ্যাই না। গতকালের ঘটনাই তার প্রমাণ। আমরা কিন্তু তাদের ধরেছি এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। সুতরাং যারাই কোনো অপরাধ করতে চাইবে তাদের পার পাওয়ার কোনো সুযোগ নেই। সেটুকুভাবে আশ্বস্ত করতে চাই।

চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যকলাপসহ সকল অপরাধের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, ‘আমি বলব কোনো সংবাদ যদি সেনসেটিভ মনে হয় তবে সে বিষয়ে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। সেটা হয় সোশ্যাল মিডিয়ায় জানছেন অথবা অন্যভাবে জানছেন সেটা আমাদের জানান। আপনার পরিচয় গোপন করে জানান। সন্ত্রাসী কার্যকলাপ অথবা চাঁদাবাজি যেটাই হোক না কেন চুপ করে দেখেন আমরা ব্যবস্থা নেই কি না। আমরা আপনাদের পাশে আছি, সবার পাশে আছি। আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত