এই দশকে জয়ে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ২১ নম্বরে

৩৬ বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে ২০২২ সালে। কোপা আমেরিকার শিরোপাও জিতেছে টানা দুবার। সঙ্গে আছে ফিনালিসিমার ট্রফিও। লাতিন অঞ্চলে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বেও ৯ রাউন্ড শেষে শীর্ষে আর্জেন্টিনা।

কোচ স্কালোনির দল পরিচালনা সঙ্গে লিওনেল মেসির ম্যাজিকে বদলে যাওয়া আর্জেন্টিনা ২০২০ থেকে সবচেয়ে সফল ফুটবল দল। 'ট্রান্সফারমার্কেট' এই দশকের হিসেব করে দেখিয়েছে ১০ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক ‍ফুটবলে সর্বোচ্চ ৪৮ জয় আর্জেন্টিনার। এ সময় তারা খেলেছে ৫৮ ম্যাচ।

এই তালিকায় সেরা দশে তো বটেই, সেরা বিশেও নেই ব্রাজিল। ৫২ ম্যাচ খেলে তারা জিতেছে ৩৩টি। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা আছে তালিকার ২১ নম্বরে।

এই দশকে আর্জেন্টিনার পর দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ ম্যাচ জেতা দেশটির নাম শুনলে আপনি অবাক হতে পারেন। সেটি আফ্রিকার দেশ মরক্কো। তারা খেলেছে ৬৪ ম্যাচ। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ৪১ পেয়েছে ৬০ ম্যাচে, তারা আছে ৩ নম্বরে।

সমান ৪০টি করে জয় জাপান, আলজেরিয়া, স্পেন, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর। ৪৯ ম্যাচে ৩৮টি জিতে দশ নম্বরে আছে ইরান। ৫৮ ম্যাচে ২৮টি জিতে তালিকার ৩২ নম্বরে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।