পূজামণ্ডপে সঙ্গীত বিতর্ক

চট্টগ্রাম পূজা কমিটির সভাপতি-সম্পাদককে অব্যাহতি

নগরের জেএমসেন হল পূজামণ্ডপে ‌ইসলামী সঙ্গীত পরিবেশন বিতর্কে এবার পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

গতকাল শুক্রবার (১১ অক্টোবর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক শচীন্দ্র নাখ বাড়ৈর সই করা এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। একই ঘটনায় চট্টগ্রাম মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তকে পরিষদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘পূজা উদযাপন পরিষদ গত ১০ অক্টোবর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানায়। এই অবাঞ্ছিত ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মানুষ অত্যন্ত ব্যথিত হয়েছেন। পূজা উদযাপন পরিষদ এ ঘটনা বিচার বিভাগীয় তদন্ত ও জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শান্তির দাবি করছে।’

এদিকে জেএম সেন হলের পূজামণ্ডপে ইসলামী ভাবধারার সঙ্গীত পরিবেশনের ঘটনায় এখন পর্যন্ত মাদ্রাসা শিক্ষক দুই শিল্পীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন শহীদুল করিম ও নুরুল ইসলাম। তারা সেদিন জেএমসেন হলের স্টেজে গান গেয়েছিলেন। পূজা উদযাপন কমিটির এক নেতার অনুরোধ ও আমন্ত্রণে সেখানে তারা সঙ্গীত পরিবেশন করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার দুপুরে সিএমপি কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) রইছ উদ্দিন জানান, পূজা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্ত চট্টগ্রাম কালচারাল একাডেমির একদল শিল্পীকে অনুষ্ঠানে গান পরিবেশন করার জন্য অনুরোধ করেন। তার অনুরোধের পরিপ্রেক্ষিতে ঘটনার সময় ওই সংগঠনের সদস্য শহীদুল করিম, মো. নুরুল ইসলাম, আব্দুল্লাহ ইকবাল, রনি, গোলাম মোস্তফা ও মো. মামুন পূজার অনুষ্ঠানে আসেন এবং একটি ইসলামিক গজল ও একটি বাউল গান পরিবেশ করেন। এ ঘটনায় সাতজনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।