নাগালের বাইরে সবজির বাজার, অস্বস্তিতে ক্রেতারা 

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৪:৫৯ পিএম

প্রতিদিনই বাড়ছে নিত্যপণ্যের দাম। গত দুই সপ্তাহের ব্যবধানে বাজারে প্রায় সব ধরনের সবজির দাম ধরা-ছোঁয়ার বাইরে। এর মধ্যে বেশির ভাগই ১০০ টাকার উপরে। এছাড়া কাঁচা মরিচ, পেঁয়াজ, আধা, রসুন চিনি, দুধ, বিভিন্ন ধরনের মাছ, ব্রয়লার মুরগি ও ডিমের দাম আগের তুলনায় অনেক বেশি।

পরশুরাম বাজারে সরেজমিনে ঘুরে দেখা যায়, বর্তমান বাজারে চাহিদার তুলনায় সবজির সরবরাহ অনেক কম। এ কারণে আগের তুলনায় দাম বেড়েছে। হঠাৎ করে সবজি, ডিম ও মুরগির দাম বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা। গত বৃহস্পতিবার কাঁচা বাজারে ঘুরেও ক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বাজারে গতকাল সকাল ঢুকতেই সবজির আকাশ ছোঁয়া দাম দেখা গেল। দাম নিয়ে এক সবজি বিক্রতার সঙ্গে তর্কে জড়ান স্থানীয় ক্রেতা নুরুল করিম। তিনি জানান, এক কেজি বরবটি ১৬০ টাকা, এক কেজি বেগুন ১৫০ টাকা, ২৫০ গ্রাম মরিচ ২০০ টাকায় কিনেছেন।

তিনি আরও জানান, দুই সপ্তাহ ব্যবধানে দাম অনেক বেড়েছে। কি করে সংসার চালাবো। শুধু খাইলে চলবে। সংসারের বাকি জিনিসপত্র আরও ভয়াবহ অবস্থা।

এদিকে দুই সপ্তাহ আগেও বাজারে ২২০ থেকে ২৫০ টাকা কেজি ছিল কাঁচা মরিচ, টমেটো ২৫০ থেকে ২৭০ টাকা কেজি, তিতা করলা ১০০ থেকে ১২০ টাকা কেজি। কিন্তু গতকাল শুক্রবার মরিচের দাম ৭০০ থেকে ৮০০ টাকা কেজি পর্যন্ত দেখা যায়। বাজারে ধনের পাতার দাম প্রতি কেজি ৫০০ থেকে ৬০০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া কলমিশাক মুটি ২০ থেকে ২৫ টাকা, লাল শাক মুটি ৪০ থেকে ৫০ টাকা। এক ডজন ডিমের দাম ১৬০ থেকে ১৬৫ টাকা, লাউ বিক্রি হচ্ছে ১০০ টাকার উপরে।  

পরশুরাম বাজারে সবজি বিক্রেতা আলী আহমদ বলেন, বেশি দামের কারণে গ্রাহকরা আগের তুলনায় কম পরিমাণে সবজি কিনছেন। আর বিক্রি যত কম হয় আমাদের লাভের পরিমাণও অনেক কম হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত