হায়দরাবাদে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ হেরেছে ১৩৩ রানে। যে পিচে ভারত তুলেছে রেকর্ড ২৯৭ রান, বাংলাদেশের দেড়শো পাড় (১৬৪) করতেই হিমশিম। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন ৪২ বলে অপরাজিত ৬৩ রান করা তাওহীদ হৃদয়।
হারের ব্যাখ্যা দিতে হৃদয় বলেন, 'সত্যি কথা বলতে, খুবই ভালো উইকেট ব্যাটিংয়ের জন্য। আমরা ভালো বোলিং করিনি। আমরা কিছু জায়গায় উন্নতি করতে পারি। আশা করি আমরা সেটা করতে পারব।'
পরে যোগ করেন, 'আমরা তো বল ভালো করিনি। শুধু বল না, ব্যাটিংও ভালো করিনি পুরো সিরিজে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে। ওরা অনেক ভালো ব্যাটিং করেছে। আমরা আরও ভালো করতে পারতাম।'
টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার কথাও এসেছে হৃদয়ের কথায়, ‘দেখুন, প্রতিটা দলেই টপ অর্ডার থেকে রান হয়। সেখানে রান এলে ইনিংস বড় হয় স্বাভাবিকভাবেই। টপ ফোর থেকে যদি বড় রান আসে, তাহলে রান ১৮০ হয়। আমাদের সবকিছু মিলিয়ে অনেক জায়গা আছে উন্নতির।'
সিরিজজুড়ে নিজেদের ঘাটতির কথাও মেনে নিয়েছেন হৃদয়, ‘সব জায়গাতেই কমতি ছিল। এক দিন ব্যাটিং ভালো হয়েছে তো বোলিং ভালো হয়নি, বোলিং ভালো হলে ব্যাটিং। আমরা আসলে এই রকম উইকেটে খেলি না। আমি অজুহাত দিচ্ছি না। তবে এ ধরনের উইকেটে আমরা যত খেলব, তত ভালো খেলব।'
উন্নতি আনতে হবে উইকেট পড়তে পারার দক্ষতায়ও। হৃদয় বলেন 'আমরা বেশির ভাগ খেলোয়াড় উইকেট পড়তে পারি না। আমরা বেশির ভাগ ম্যাচ খেলি মিরপুরে। চট্টগ্রামে খেললে জানি যে কেমন উইকেট হবে। কিন্তু অন্য জায়গায় একেক দিন একেক রকম উইকেট থাকে। আমরা যদি ভালো উইকেট খেলতে থাকি, তাহলে ডে বাই ডে উন্নতি করতে পারব।'
বাংলাদেশের পরবর্তী সিরিজ দেশের মাটিতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২১ অক্টোবর থেকে।