ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ ৯ মৃত্যু

দেশে ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে চলতি বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) ৯ জন মারা গেছে। এর আগে দুদিন আটজন করে মারা গেছে।

এ নিয়ে চলতি মাসের গত ১২ দিনে ডেঙ্গুতে মোট মারা গেল ৪৭ জন। এ সময়ে দৈনিক গড় মৃত্যু ছিল চারজনের বেশি। নতুন যারা মারা গেছে তাদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা দক্ষিণ সিটিতে পাঁচজন, এরপর দুজন বরিশাল বিভাগে এবং একজন করে ঢাকা দক্ষিণ সিটি ও চট্টগ্রাম বিভাগে। মৃতদের মধ্যে ছয়জন নারী ও তিনজন পুরুষ। এই নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট মারা গেল ২১০ জন। তাদের মধ্যে ১০৬ জন বা ৫০ দশমিক ৫ শতাংশ নারী ও ১০৪ জন বা ৪৯ দশমিক ৫ শতাংশ পুরুষ।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১২ জন। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ২৯ জন, বরিশাল বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ২২ জন, খুলনা বিভাগে ১২ জন, ঢাকা বিভাগে সাতজন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন, ময়মনসিংহ বিভাগ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৯১৫ জন। হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০০, ঢাকা উত্তর সিটিতে ১৭৫, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৬, খুলনা বিভাগে ৯৭ জন রয়েছে।

এ ছাড়া রাজশাহী বিভাগে ২৪ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে চারজন নতুন রোগী ভর্তি হয়েছে।

গত একদিনে সারা দেশে ৭৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছে ৩৭ হাজার ৯৫২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৪১ হাজার ৮১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তবে বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২১০ জনের। এ ছাড়া গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যায় ১ হাজার ৭০৫ জন।