আর নির্বাচন করবেন না অলি, ছেলের জন্য সমর্থন কামনা

ভবিষ্যতে আর সংসদ নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। 

গত শনিবার রাতে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) নির্বাচনি এলাকার সাতকানিয়া আংশিক ধর্মপুর ইউনিয়নে বণিকপাড়া দুর্গা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। শুধু ধর্মপুরে নয়, সাতকানিয়ার আংশিক এলাকার পুরানগড় ইউনিয়নের ফকিরখীল দুর্গাপূজা মণ্ডপে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার সময়ও এমন ইঙ্গিত দেন। 

তিনি বলেন, আমি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। আজ আমি আপনাদের সামনে আমার ছেলেকে নিয়ে এসেছি। চট্টগ্রাম-১৪ আসন আমার নির্বাচনি এলাকা। এ আসন থেকে আপনারা আমাকে বারবার নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। এবার আমার ছেলে অধ্যাপক ওমর ফারুককে নির্বাচিত করে সংসদে পাঠাবেন। সে আমার সব অসমাপ্ত কাজ সম্পন্ন করবে। 

নিজের ছেলের প্রসঙ্গে তিনি বলেন, তাকে আমি আপনাদের সেবার জন্য দীর্ঘ ২০ বছর সময় নিয়ে পরীক্ষিত করে গড়ে তুলেছি। সে আপনাদের কখনো নিরাশ করবে না। আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তার হাতকে শক্তিশালী করতে হবে।

২০০৬ সালে বিএনপি ছেড়ে গঠন করেন এলডিপি। শুভেচ্ছা বিনিময়ে ছেলেকে দেখিয়ে অলি আহমদ বলেন, আপনাদের চিন্তা হচ্ছে, আমার স্থলাভিষিক্ত কে হবে? আপনাদের ছায়া দেবে কে? সে (ছেলে) আপনাদের খেদমত করবে। আমিও যতদিন বেঁচে থাকব, আপনাদের ছেড়ে যাব না। 

তিনি বলেন, সঠিক সময়ে দায়িত্ব হস্তান্তর করা উত্তম। এর মধ্যে সে ভুল করলে আমি ঠিক করে দিতে পারব। সুখে-দুঃখে আপনাদের পাশে থাকার দায়িত্ব আমি আমার ছেলের ওপর অর্পণ করলাম।