হত্যা মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাজহারুল ইসলাম সুজনের জামিন ও পুলিশের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তোলা হলে বিচারক এস.রমেশ কুমার ডাগা রিমান্ড ও জামিন নামঞ্জুর করেন।
মামলার অভিযোগে জানা যায়, গত ৫ আগস্ট মামলার বাদী ফজলে আলমের ছেলে আবু রায়হানসহ ৪ জনকে মামলার আসামি পৌরসভার সাবেক কাউন্সিল একরামুদৌল্লার ছিট চিলারং এলাকার বাড়িতে ঘরের মধ্যে আটকিয়ে রেখে আগুনে পুড়িয়ে হত্যা করে।
এ ঘটনায় সাবেক এমপি মাজাহারুল ইসলাম সুজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। এ সময় আদালত চত্বরে সাবেক এমপি সুজনের মুক্তি চেয়ে সমর্থকরা জয় বাংলা স্লোগান দিলে পুলিশ একজনকে আটক করে। এ ছাড়াও সাবেক এমপি সুজনকে পুলিশভ্যানে তোলার সময় বিএনপির সমর্থকরা তার ওপর ডিম নিক্ষেপ করেন।
মামলায় আসামি পক্ষের আইনজীবী সোহরাব হোসেন প্রধান জানান, জিআর ৩৮৮/২৪ মামলায় সাবেক এমপি সুজনের ১০ দিন রিমান্ড আবেদন করেছিল পুলিশ কিন্তু বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করছেন। এছাড়াও তার জামিনও মঞ্জুর করেননি আদালত।