ডেঙ্গুতে ১৪ দিনের সর্বনিম্ন মৃত্যু

ডেঙ্গুতে এ মাসের সর্বনিম্ন একজনের মৃত্যুর রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা পর্যন্ত) ঢাকা উত্তর সিটিতে এই একজন মারা গেছেন। তিনি ৩৬-৪০ বছর বয়সী একজন নারী।

গত ১৪ দিনের মধ্যে এটাই ডেঙ্গুতে সবচেয়ে কম মৃত্যু। এর আগে এ মাসেই একদিন বছরের সর্বোচ্চ ৯ জনের এবং দুই দিন আটজন করে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট মারা গেলেন ২১৫ জন। তাদের মধ্যে এ মাসেই মারা গেলেন ৫২ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ১৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৪৯৭ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ৭৮ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৬৫৬ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৯ হাজার ৭২৪ জন। মারা গেছেন ২১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৯৬ জন, চট্টগ্রাম বিভাগে ২০৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৩, ঢাকা উত্তর সিটিতে ২৮৮, ঢাকা দক্ষিণ সিটিতে ২০৯, খুলনা বিভাগে ১৫২ জন রয়েছেন।