স্টক ব্রোকারদের কার্যক্রমের সঙ্গে অসংগতিপূর্ণ এবং ব্যবসায় বাধা প্রদানকারী বিদ্যমান আইন ও নিয়মনীতির প্রয়োজনীয় সংস্কার করে পুঁজিবাজারে তাদের অনুকূল পরিবেশ প্রদানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। গতকাল সোমবার বিএসইসি ও ডিবিএর বৈঠকে এ আশ্বাস দেন তিনি।
বৈঠকে ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বাজার পরিস্থিতি তুলে ধরে এর উন্নয়নে পরামর্শ দেন। এ সময় তিনি ব্রোকারেজ হাউজের ওপর আরোপিত বিষয়ে কমিশনের কাছে তুলে ধরেন এবং তা পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেন।
ব্রোকারদের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোর মধ্যে সমন্বিত গ্রাহক হিসাব (সিসিএ) থেকে সুদ বণ্টন, মূল ব্যবসার বাইরে বিনিয়োগ, আনএডিটেবল ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়ন, কোম্পানিকে লিমিটেড থেকে পিএলসি করতে চার্জ প্রদান, মার্জিন লোনের ওপর ১২ শতাংশ সুদের হার তুলে নেওয়া, এক্সচেঞ্জ ডি-মিউচুয়ালাইজেশন আইন ও স্কিম পুনর্মূল্যায়ন করা, সিসিবিএল-এর কার্যক্রম ও অগ্রগতি দেখা, বিএসইসি (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০২৩ প্রণয়নে পুনর্মূল্যায়ন ও পুনর্বিবেচনা করা, বাজারে শেয়ার ক্রয়-বিক্রয়ের তথ্য প্রকাশ, মানসম্মত ভালো আইপিও তালিকাভুক্ত করা, মিউচুয়াল ফান্ড সক্রিয় করা ইত্যাদি।
বৈঠকে অন্যদের মধ্যে বিএসইসির কমিশনার মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখ উপস্থিত ছিলেন। এছাড়া নির্বাহী পরিচালক, পরিচালক ও বিভিন্ন বিভাগের উপ-পরিচালকরাও উপস্থিত ছিলেন।
ডিবিএর পক্ষ থেকে অন্যদের মধ্যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, ভাইস প্রেসিডেন্ট ওমর হায়দার খাঁন, পরিচালক মামুন আকবর, বিএলআই সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমন ও ডিবিএর সেক্রেটারি দিদারুল গনী উপস্থিত ছিলেন।