টানা ৫ দিন পর বেনাপোল বন্দরে বাণিজ্য শুরু

পাঁচ দিন বন্ধ থাকার পর গতকাল সোমবার সকাল থেকে পুনরায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এতে কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে বন্দর এলাকায়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় গত বুধবার থেকে রবিবার পর্যন্ত পাঁচ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখেন ভারতীয় ব্যবসায়ীরা।

গতকাল সোমবার সকালে বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুর রহমান আমদানি-রপ্তানি শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতের বিভিন্ন পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। তবে টানা পাঁচ দিন বন্ধ থাকার কারণে পেট্রাপোল বন্দর এলাকায় হাজার হাজার পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এতে বেনাপোল বন্দর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।