পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার মৌকরা ইউপির পরকরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ওই গ্রামের প্রবাসী মিজানের মেয়ে নাবিলা (৬) ও মাঈন উদ্দিনের মেয়ে মুনতাহা (৭)। সম্পর্কে তারা চাচাতো বোন।

এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো গতকাল সকালে নাবিলা ও মুনতাহা দুই বোন বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল। এ সময় পরিবারের সদস্যদের অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় দুই বোন। এদিকে তাদের দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন পরিবারের সদস্যরা। পুরো গ্রাম তল্লাশি করে না পেয়ে সন্দেহের বশে বাড়ির পাশের পুকুরের পানি নাড়া দিলে দুই বোনের লাশ ভেসে ওঠে। এ ঘটনায় দুই পরিবারে শোকের মাতম বইছে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক গতকাল বলেন, পানিতে পড়ে দুই বোনের মৃত্যুর খবর পেয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।