দিনাজপুরের খানসামা

দুদিনের ব্যবধানে কুকুরের কামড়ে আহত ৩৪

দিনাজপুরের খানসামায় দুদিনের ব্যবধানে কুকুরের কামড়ে ৩৪ জন আহত হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। যদিও রাতে স্থানীয় যুবকরা ঘাতক কুকুরকে আটক করেছে। তবে যারা আহত হয়েছে তাদের জন্য পর্যাপ্ত ভ্যাকসিনের অভাব দেখা দিয়েছে।

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত শনি ও রবিবার উপজেলার পাকেরহাট আজগার মেম্বার পাড়া ও ছাগলহাটি এলাকায় কুকুরের কামড়ে শিশুসহ ৩৪ জন আহত হয়। এ ছাড়া কুকুর কামড় দিয়েছে বেশ কয়েকটি গরু-ছাগলকে। আহতদের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে সরকারি ভ্যাকসিন না থাকায় রোগীদেরই ভ্যাকসিন কিনতে হচ্ছে।

স্থানীয়রা জানান, গত শনিবার দুপুরে আজগার মেম্বারপাড়া এলাকায় একটি শিশুকে প্রথম কামড় দেয় কুকুরটি। পরে একে একে ৩৪ জনকে মানুষ ও কয়েকটি গরু-ছাগলকে কামড় দিয়েছে। পরে সেই কুকুরকে আটক করার জন্য এলাকাবাসী জোড় চেষ্টা চালায়। অবশেষে গত রবিবার রাতে কুকুরটিকে আটক করতে সক্ষম হয় এলাকাবাসী।

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে যারা এসেছিল তাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। এরপর ভ্যাকসিনের সংকট দেখা দেওয়ায় আশপাশের সরকারি হাসপাতাল থেকে ভ্যাকসিন নিয়ে আসা হয়। তারপরও ভ্যাকসিনের সংকট থাকায় রোগীদেরই ভ্যাকসিন কিনে নিয়ে আসার জন্য বলা হয়েছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারিভাবে যাতে ভ্যাকসিন পাঠানো হয়, সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজ উদ্দিন বলেন, বিষয়টি জানার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কুকুর নিয়ন্ত্রণের বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।