'টাইমড আউট' ছাপিয়ে সাকিব-ম্যাথিউজ এখন সতীর্থ

গত ওয়ানডে বিশ্বকাপের বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটি ভুলে যাওয়ার কোনো কারণই নেই। ওই ম্যাচেই প্রথমবারের মতো দেখা গিয়েছিল টাইমড আউটের ঘটনা। নাজমুল হোসেন শান্তর পরামর্শে ওই ঘটনা ঘটিয়েছিলেন সাকিব আল হাসান। আর আউট হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

দিল্লির সেই ম্যাচ নিয়ে ক্রিকেট দুনিয়ায় কম তোলপাড় হয়নি। দুই দলের ক্রিকেটাররাও পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছিলেন। ওই ম্যাচ জিতলেও বাংলাদেশের সবচেয়ে 'বাজে' বিশ্বকাপ ছিল সেটি। সময়ের পরিক্রমায় সেই সাকিব আর ম্যাথিউজ এখন সতীর্থ। আসন্ন বিপিএলে দুজনকেই সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে চিটাগং কিংস।

ক্রিকেট মাঠে তো কত ঘটনাই ঘটে। ২০১৮ নিদাহাস ট্রফিতে থিসারা পেরেরার সঙ্গে তুলকালাম হয়ে গিয়েছিল বাংলাদেশি ক্রিকেটারদের। দুদিন পরেই পিএসএল খেলতে গিয়ে সেলফি তুলে পোস্ট করেছিলেন পেরেরা আর মাহমুদউল্লাহ। কিন্তু ম্যাথিউজ ও তার সতীর্থরা এত সহজে টাইমড আউট ভুলেননি। গত মার্চেই বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর নাজমুল হোসেনদের সামনে তারা ‘টাইমড আউট’ উদ্‌যাপন করেছিলেন। 

যাই হোক, বিপিএল এবার মিলিয়ে দিল দুজনকে। ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে সাকিব ও ম্যাথিউজ একে অন্যের জন্য গলা ফাটাবেন। একসঙ্গে উদযাপন করবেন। তাদেরকে 'বন্ধু' হতেই হবে।