আইপিএলের শুরু থেকেই মাঠে সরব থাকেন বলিউড বাদশা শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্সের মালিক তিনি। ভারতীয় সিনেমা জগতের অনেকেই টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি কিনেছেন, এখনও তারা আছেন। বিপিএলে কেটে গেছে দশটি আসর। এবারই প্রথম ঢালিউডের কেউ এলেন মালিকানায়। তাও একই দলে আছেন দুজন সিনেমা তারকা। ঢালিউড কিং শাকিব খান কিনেছেন ঢাকা ক্যাপিটালস। তার সঙ্গে আছেন আরেক অভিনেতা মামনুন হাসান ইমন।
প্রথমবার দল কিনেই তিনি সাড়া ফেলে দিয়েছেন। আজ এসেছিলেন বিপিএলের প্লেয়ার্স ড্রাফটেও। নিজেই উপস্থিত হয়ে কিনেছেন পছন্দের ক্রিকেটারদের। তার মুখ থেকে উচ্চারিত হয়েছে লিটন দাস, সাব্বির রহমানদের নাম। চলুন দেখে নেওয়া যাক কেমন হলো শাকিব খানের দল।
দলটিতে যেহেতু লিটন দাস খেলছেন, ধরে নেওয়া যেতেই পারে তিনিই হচ্ছেন অধিনায়ক। কারণ জাতীয় দলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে তার। গত বছর কুমিল্লা ভিক্টোরিয়ান্সেরও অধিনায়ক ছিলেন। ব্যাটসম্যান হিসেবে আছেন তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন দীপু, সাইম আইয়ুব। বলা যেতেই পারে লিটন-তামিম ওপেনার হিসেবে খেলবেন। তিনে সাইম ও চারে সোহান। মুনিম শাহরিয়ার হয়ত সব ম্যাচে সুযোগ নাও পেতে পারেন। এই দলের হয়ে খেলছেন জনসন চার্লস। এক্ষেত্রে লিটন হয়তো তিনেও ব্যাট করতে পারেন। উইকেট কিপার ব্যাটসম্যান স্টিফেন এসকিনেজিও দারুণ খেলেন।
বোলার হিসেবে প্রথম পছন্দই মোস্তাফিজুর রহমান। বিপিএলের বেশিরভাগ ম্যাচ হয় ঢাকায়। এবারও যে এর ব্যাতিক্রম হবে না সেটা ধারণা করাই যায়। আর মিরপুরে সবসময় কাটার মাস্টারের বলা খেলা কঠিন। ব্যাটসম্যানকে বোকা বানোনোতে সিদ্ধহস্ত তিনি মিরপুরের মতো উইকেট পেলে। মুকিদুল ইসলাম মুগ্ধ, আবু জায়েদ রাহি, মুশফিক হাসানরাও দারুণ করছেন। বিদেশিদের মধ্যে শাহনেওয়াজ দাহানিও হয়ে উঠতে পারেন ভয়ংকর।
অলরাউন্ডার হিসেবে আছেন শ্রীলঙ্কারন থিসারা পেরেরা। ফিনিশার হিসেবে খ্যাত এই পেসার ম্যাচ বের কের নিয়েও আসতে পারেন। এছাড়া আমির হামজা হোটাকও খেলা ঘুরিয়ে দিতে পারেন।
তাদের নিয়ে মাঝারি মানের দলই গড়েছে শাকিব ঢাকা। যদিও এই দলকে চ্যাম্পিয়ন হিসেবে দেখাটা এই মুহূর্তে হবে বাড়াবাড়ি। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। সিলেট স্ট্রাইকার্স প্রথমবার যখন দল গঠন করেছিল, তখন তাদেরকে নিয়েও সমর্থকদের কোনো আশা ছিল না। নাজমুল হোসেন শান্তদের নাম দেখে হতাশ হয়েছিলেন সিলেটি সমর্থকরা। সেই সিলেট স্ট্রাইকর্স সেবার সবাইকে অবাক করে দিয়ে রানার্স-আপ হয়েছিল। তাই ঢাকাও এমন বাজিমাত করে ফেলবে না, তার কোনো নিশ্চয়তা নেই।
ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান এর আগে ক্রিকেটার চরিত্রে অভিনয় করেছিলেন ‘পূর্ণদৈর্ঘ প্রেম কাহিনী ২’ নামের একটা সিনেমায়। যেখানে তার জার্সি নম্বর ছিল ৭৫। শাকিব নাম নিয়েই তিনি খেলেছিলেন। এবার তিনি দল কিনলেন বিপিএলে। যদিও তিনি পাননি আসল ৭৫ নম্বরধারী সাকিব আল হাসানকে। এই বিষয়ে গণমাধ্যমকর্মীদের বলেন, ‘সিনেমার থ্রিল আর অ্যাকশনের সঙ্গে ক্রিকেটের টানটান উত্তেজনা যদি সংমিশ্রণ হয় তবে হয়ে যেতে পারে মহাবিস্ফোরণ। যা থেকে হতে পারে কোনো এক মহাকাব্য। আমরা এখানে থাকতে এসেছি। চ্যাম্পিয়ন হওয়ার মতোই একটা দল গড়েছি। আশা করি মাঠে ভালো কিছু উপহার দেবে আমাদের দল।’
সাকিব আল হাসানকে নিয়ে বলেন, ‘ভবিষ্যতে হয়তো কোনো একদিন হবে। কারণ আমরা তো এবারই প্রথম এলাম। থাকতেই এসেছি।’
ঢাকা ক্যাপিটালস
দেশি: মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন।
বিদেশি: থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, স্টিফেন এসকিনেজি, সাইম আইয়ুব, আমির হামজা।
চিটাগং কিংস সাকিবের কততম ফ্র্যাঞ্চাইজি
রোনালদোর চেয়ে মেসিদের লিগ এগিয়ে
ড্রাফট শেষে যেমন হলো বিপিএলের দলগুলো