রাজধানীর মোহাম্মদপুর বেরিবাঁধ তিন রাস্তার মোড়ে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ২ যুবক আহত হয়েছেন। আহতরা হলেন, পল্লব বর্মন বিবেক (২৩) ও গৌতম প্রধান (২২) । তবে তাদের কাছ থেকে ছিনতাইকারীরা কিছুই ছিনিয়ে নিতে পারেনি।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় হাসপাতাল শেষে গুরুতর ওই দুই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।
আহতরা জানান, তাদের বাড়ি জয়পুরহাটে। তবে বর্তমানে এজেআর কুরিয়ার সার্ভিসের হাজারীবাগ শাহজাহান মার্কেটে শাখার সুপারভাইজার হিসেবে দুজনই চাকরি করেন। থাকেন ওই এলাকাতেই। গত ৯ অক্টোবর দুর্গাপূজার ছুটিতে দুই বন্ধু ও সহকর্মী গ্রামের বাড়িতে গিয়েছিলেন। গত রাতে সেখান থেকে ঢাকায় ফিরেন। ভোরে কল্যাণপুরে বাস থেকে নেমে অটোরিকশায় যান মোহাম্মদপুর তিন রাস্তা সিএনজি স্ট্যান্ডে। সেখান থেকে হাজারীবাগে তাদের কর্মস্থলে যাওয়ার জন্য একটি সিএনজি অটোরিকশায় ওঠার পরপরই ৪-৫ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র হাতে তাদের অটোরিকশার কাছে আসে। এসেই তাদের সঙ্গে যা আছে তা বের করে দিতে বলে এবং তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। তখন তাদের চিৎকারে কিছু ছিনিয়ে নিতে না পেরেই ছিনতাইতারীরা সেখান থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শিকদার মেডিকেলে নিয়ে যান। সেখান থেকে সহকর্মীরা খবর পেয়ে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন।
আহতরা আরও জানান, তাদের কাছে টাকা, মোবাইল, মানিব্যাগ সবকিছুই ছিল। তবে ঘটনার সময় আশপাশে লোকজন থাকায় এবং তাদের চিৎকারের জন্য সেসব ছিনিয়ে নিতে পারেনি ছিনতাইকারীরা।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ওই দুই যুবকের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।