‘বাবরকে বাদ দেওয়া হয়নি, বিশ্রাম দেওয়া হয়েছে’

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দ্বিতীয় টেস্টে আজ মাঠে নেমেছে পাকিস্তান। কিন্তু বাবর আজমকে নিয়ে বিতর্ক থামছেই না। তাকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছিল দেশটির গণমাধ্যম, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। অনেকে বিরাট কোহলির উদাহরণ টেনেছিলেন। এর মাঝেই পাকিস্তানের সহকারী কোচ আজহার মেহমুদ দাবি করলেন, বাবরকে বিশ্রাম দেওয়া হয়েছে।

গত রবিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছিল, ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলবেন না বাবর। সেই সঙ্গে শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহ নিজেদের ওই টেস্ট থেকে সরিয়ে নিয়েছেন বলে দাবি করা হয়। ২০২৩ সাল থেকে ফর্মে নেই বাবর। দুই বছর ধরে টেস্টে কোনো সেঞ্চুরি নেই। শেষ ৯টি টেস্টে ২০.৩৩ গড়ে তিনি ৩৬৬ রান করেছেন। এ কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে বলে শোনা গিয়েছিল।

তবে আজহার মেহমুদ বলেছেন, ‘বাবর আমাদের এক নম্বর ব্যাটার। সেই বিষয়ে কোনো প্রশ্ন উঠতেই পারে না। ওর টেকনিক এবং ক্ষমতা সম্পর্কে আমরা জানি। কিন্তু পাকিস্তানের সামনে এখন অনেক ম্যাচ। সেই কারণে নির্বাচকেরা বাবরকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরপর আমাদের অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ম্যাচ রয়েছে। তাই বিশ্রাম দেওয়া জরুরি।’

বাবর খেলতে চেয়েছিলেন বলেও জানিয়েছেন মেহমুদ, ‘বাবরকে বাদ দেওয়া হয়নি। তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। গত কয়েকমাসে অনেক কিছু ঘটেছে। সে মানসিকভাবে শক্তিশালী থাকলেও কিছু বিষয় তার মাথার মধ্যে ঘুরতে থাকে। বাবর খেলতে চেয়েছিল। কিন্তু তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তটা ভালো। আশা করি সে দ্রুতই তরতাজা হয়ে ফিরে আসবে। আগামী এপ্রিল পর্যন্ত আমাদের টানা ম্যাচ আছে।।’