আলোচিত-সমালোচিত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ আইন নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নাহ, আইপিএলে ২০২৭ সাল পর্যন্ত এই আইন চালু রাখার সিদ্ধান্ত আগেই হয়েছে; তবে যে ঘরোয়া লিগ থেকে এই আইনের উদ্ভব, সেই সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ আইন আপাতত বাতিল করা হয়েছে।
সৈয়দ মোস্তাক আলী টি-২০ ট্রফি দিয়েই ভারতে ইমপ্যাক্ট প্লেয়ার আইনের সূচনা হয়েছিল। এরপর সেটা আইপিএলে চালু করা হয়। আইপিএলে চালুর পরই এই আইন নিয়ে তৈরি হয় বিতর্কের। খোদ রোহিত শর্মা এই আইনের কঠোর সমালোচনা করেন। তবু ২০২৭ মৌসুম পর্যন্ত এই নিয়ম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। কিন্তু সৈয়দ মোস্তাক আলী টি-২০ ট্রফির আগামী আসরে থাকছে না ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম।
গতকাল সোমবার বিসিসিআই জানিয়েছে, ‘বিসিসিআই চলতি মৌসুমের জন্য ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।’
বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সৌরাস্ট্রর প্রধান কোচ নিরাজ ওডেডরা বলেছেন, ‘এটা দারুণ এক পরিবর্তন। এই নিয়মটি তো আইসিসির মেজর টুর্নামেন্টে নেই। যারা ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে ভারতের জন্য খেলতে চায়, তাদের জন্য ভালো হবে।’
এর আগে গত আইপিএলে এই আইন নিয়ে রোহিত শর্মা বলেছিলেন, ‘ইমপ্যাক্ট সাব নিয়মের আমি ভক্ত নই। এটা অলরাউন্ডারদের পেছনে টেনে ধরবে। দিন শেষে ক্রিকেট ১১ জনের খেলা, ১২ জনের নয়। আশপাশের মানুষের জন্য বিনোদনমূলক করতে আপনি খেলা থেকে অনেক কিছু নিয়ে নিচ্ছেন। শিবম দুবে, ওয়াশিংটন সুন্দররা বল করছে না, যেটা আমাদের জন্য ভালো নয়। সত্যি বলতে আমি এর ভক্ত নই। তবে এটা বিনোদনদায়ী।’
বেলজিয়ামকে হতাশ করে শেষ আটের পথে ফ্রান্স
'টাইমড আউট' ছাপিয়ে সাকিব-ম্যাথিউজ এখন সতীর্থ