আশুলিয়ায় ট্রাক ভর্তি নিষিদ্ধ পলিথিন জব্দ

সাভারের আশুলিয়ায় নিষিদ্ধ পলিথিন ভর্তি একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় দুজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। ওই ট্রাক থেকে সাদা বস্তায় ভর্তি প্রায় ২২ লাখ টাকা মূল্যের সাড়ে ১০ টন পলিথিন জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটককৃতরা হলেন বগুড়া জেলার আদমদিঘী থানার সান্তাহার এলাকার ট্রাকচালক রাব্বি হোসেন (২৩) এবং একই এলাকার ডহরপুর পূর্বপাড়ার চালকের সহকারী তামিম হোসেন (২২)।

তারা ঢাকার বাবুবাজার এলাকা থেকে পলিথিন ভর্তি ট্রাকটি নিয়ে বগুড়া রেলস্টেশনের হাড্ডি পট্টি এলাকায় যাচ্ছিলেন বলে পুলিশকে জানিয়েছে।

আশুলিয়া থানার ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।