গাজীপুরে ২০১৪ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভায় গুলি ও জনসভা পণ্ড করার অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, সাবেক পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদসহ প্রায় ২০০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জিএমপির বাসন থানায় অভিযোগটি করেন ওই থানার বিএনপির সভাপতি মো. তানভীর সিরাজ।
অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৪ সালের ২৭ জানুয়ারি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে বিএনপি জনসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্দেশে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, সাবেক ডিবিপ্রধান (গাজীপুরের তৎকালীন এসপি) হারুন অর রশীদ ও কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ প্রায় ২০০ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী আগ্নেয়াস্ত্র, লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে বিএনপি নেতাকর্মীদের জনসমাবেশ অংশ নিতে বাধা দেন। এ সময় তারা জনসভায় আসা হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে ধাওয়া এবং এলোপাতাড়ি ফাঁকা গুলিবর্ষণ করেন। তারা হত্যার উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীদের ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে ও মারধর করে রক্তাক্ত জখম করেন।