বিদায়ী টেস্ট খেলতে দেশে ফিরছেন সাকিব

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলতে দেশে ফিরছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন। বলেছিলেন, প্রোটিয়া সিরিজই হবে তার শেষ। কিন্তু রাজনৈতিক কারণে তার এই ইচ্ছাপূরণে সংকট তৈরি হয়েছিল। সেই সংকট অনেকটা কেটে যাওয়ায় সাকিবের আর দেশে ফিরতে বাঁধা নেই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর সাকিবের বিরুদ্ধে একটি খুনের মামলা হয়েছিল। অথচ, সাকিব সেই আন্দোলনের অনেক আগে থেকেই ছিলেন দেশের বাইরে। সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টে অবসরের ঘোষণা দিলে তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। সাকিব দেশে ফেরা এবং দেশত্যাগের নিশ্চয়তা চান। বিসিবি নিরাপত্তার নিশ্চয়তা দিতে অপরাগতা প্রকাশ করে বিষয়টি সরকারের দিকে ঠেলে দেয়।

অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিষয়টি শুরুতে এড়িয়ে যেতে চাইলেও পরে নিরাপত্তার আশ্বাস দেন। এরপর সাকিবও ফেসবুকে দেশবাসীর কাছে ক্ষমা চান। বৈষম্যবিরোধী আন্দোলনে নিজের সমর্থনের কথা জানান এবং নিজের রাজনৈতিক অবস্থান পরিস্কার করেন। এরপরই তার দেশের মাটিতে ক্রিকেটকে বিদায় জানানোর সম্ভাবনা জোরালো হয়।

বিসিবি সূত্রে জানা গেছে, সাকিব আল হাসান আগামীকাল বৃহস্পতিবার রাতে দেশে ফিরবেন। এরপর শুক্রবার থেকে তিনি যোগ দেবেন দলের সঙ্গে। আগামী ২১ অক্টোবর থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট শুরু হবে। এই টেস্ট শেষেই সাকিব সাদা পোশাককে বিদায় জানাবেন।