ভারতের জাতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কউর নিয়মিতই মাঠে নানা রকমের বিতর্কের জন্ম দেন। তার আগ্রাসী আচরণ অনেকের জন্যই বিরক্তির কারণ। গত বছর বাংলাদেশ সফরে এসে তিনি যেসব কাণ্ড করেছিলেন, তাতে ভারতের সাবেক ক্রিকেটাররাও চটে গিয়েছিলেন। সেই হারমানপ্রীত এবার নেতৃত্ব হারাতে যাচ্ছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত পুরোপুরি ব্যর্থ। শক্তিশালী দল হওয়া সত্ত্বেও প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছে। এরপর অস্ট্রেলিয়ার কাছে হেরে তাদের বিদায় নিশ্চিত হয়। কলকাতার গণমাধ্যম 'আনন্দবাজার’ জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পরেই ভারতের নারী দলের নেতৃত্ব পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বিসিসিআই। নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন স্মৃতি মন্ধানা।
ভারত ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার হারমানপ্রীতকে পর এই ফরম্যাটে অধিনায়ক করা হয়েছিল। অধিনায়ক হিসাবে দলকে নিয়মিত নক-আউটে তুলেছেন হারমান। ২০২০ সালে দলকে ফাইনালেও তুলেছিলেন। কিন্তু এবার তার দল নক-আউটেই যেতে পারেনি। তাই হারমানপ্রীতের ভবিষ্যৎ নিয়ে নির্বাচক কমিটি এবং কোচের সঙ্গে দ্রুত আলোচনায় বসতে যাচ্ছে বিসিসিআই।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ২৪ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু। তার আগেই এই আলোচনা হবে। একটি সূত্র বলেছে, ‘আগামী দিনে নতুন অধিনায়ক বেছে নেওয়া হবে কিনা- সে বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত নেওয়া হবে। দল যা চেয়েছে, বোর্ড সেটাই দিয়েছে। এবার সময় হয়েছে নতুন কাওকে দায়িত্ব দেওয়ার। হারমানপ্রীত অবশ্যই দলে থাকবে। তবে বোর্ড মনে করে, এটাই রূপান্তরের সঠিক সময়।’