রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে চাপা পড়ে এক যুবক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।
আজ বুধবার (১৬ অক্টোবর) বেলা ৩টার দিকে যাত্রাবাড়ী গোমতী পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পরিবহন শ্রমিক মো. বাবু জানান, তিনি গোমতী পেট্রোল পাম্পের কর্মচারী। তার নাম জানেন না তিনি। পাম্পে কয়েকটি বাস ঢোকার জন্য সিরিয়ালে ছিল। তখন দুই বাসের মাঝে চাপা পড়েন ওই যুবক। দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।