প্রতি পিস ডিম ১৫ টাকা করে বিক্রি করছিলেন এক ব্যবসায়ী। ভোক্তা অধিদপ্তরের অভিযান চালায় দোকানটিতে। সরকারি দরের চেয়ে বেশি দামে বিক্রি করার বিষয়টি প্রমাণিত হওয়ায় সেই ডিমগুলো মাইকিং করে ১১ টাকা ৮৭ পয়সায় বিক্রি করে সংস্থাটি।
গতকাল বুধবার জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। এদিন সারা দেশে ১৩৩ প্রতিষ্ঠান থেকে ভোক্তার জরিমানা আদায় হয় ৯ লাখ ৬১ হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পল্লবী থানার কালসী এলাকার লালমাটিয়া টেম্পুস্ট্যান্ডের রিফাত এন্টারপ্রাইজ ডায়মন্ড এগ থেকে ১১ টাকা দরে ডিম ক্রয় করে ১৫ টাকা দরে বিক্রি করছে। তা ছাড়া ডিম ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে পাকা ক্যাশ মেমো সংরক্ষণ করছে না এবং প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি। ভোক্তা আইন ২০০৯ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানাসহ মাইকিং করে সব ডিম সরকারি ১১ দশমিক ৮৭ টাকা দরে উপস্থিত ক্রেতাদের মধ্যে বিক্রয় করা হয়।