স্বামী-স্ত্রীর একসঙ্গে এইচএসসি পাস

এসএসসি পাস করার পর এবার এইচএসসিও একসঙ্গে পাস করলেন স্বামী-স্ত্রী। ৪৩ বছর বয়সী বদিউল আলম (নাঈম) পেয়েছেন জিপিএ ৪.২৯ এবং তার স্ত্রী ৩৩ বছর বয়সী শারমীন আক্তার পেয়েছেন জিপিএ ৪.৫। এই দম্পতির বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায়। তারা দুজনই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়ে এ ফল অর্জন করেছেন।

জানা যায়, পেশায় ঠিকাদার নাঈম ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি গ্রামের কনু মিয়ার ছেলে। ১৯৯৭ সালে তার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও শেষ পর্যন্ত পরীক্ষা দেওয়া হয়নি। ২০০৮ সালে বিয়ে করেন কুমিল্লার নবম শ্রেণির ছাত্রী শারমীনকে। সন্তান গর্ভে আসায় ২০১০ সালে শারমীনেরও এসএসসি পরীক্ষা দেওয়া হয়নি। পরে তারা দুজনই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিন্নাবাইদ দারুল উলুম দাখিল মাদ্রাসায় ভর্তি হয়ে ২০২২ সালে এসএসসি পরীক্ষা দিয়ে নাঈম জিপিএ ৪.৯৫ এবং শারমীন জিপিএ ৫ পেয়েছিলেন। বর্তমানে এই দম্পতির দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

এ ব্যাপারে শারমীন আক্তার বলেন, ‘বড় মেয়ে ও তৎকালীন ইউএনওর উৎসাহে নতুন করে পড়াশোনার আগ্রহ জাগে। সেই থেকে পড়াশোনা শুরু করে এসএসসি ও এইচএসসি পাস করেছি।’

বদিউল আলম বলেন, ‘বিয়ের আগে পরীক্ষা দিতে না পারলেও কয়েকবার পড়াশোনা করার চেষ্টা করেছিলাম। কিন্তু ব্যবসা ও সাংসারিক চাপে শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। আমাদের এই সাফল্যে পরিবারসহ সবাই আনন্দিত।’