৩১ দফায় নতুন বিষয় সম্পৃক্ত করা যাবে : তারেক

দেশ ও মানুষের প্রয়োজনে রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফায় নতুন বিষয় সম্পৃক্ত করা যাবে বলে মত দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘৩১ দফাটা এমন বিষয় নয় যে আমরা কখনো পরিবর্তন করতে পারব না। সময়-কাল-দেশ-মানুষের প্রয়োজনে আমরা যেকোনো বিষয় পরিবর্তন করব। নতুন বিষয় এটাতে আমরা সম্পৃক্ত করব। বিএনপি এমন একটি দল যার কাছে মানুষ প্রত্যাশা করে। এ দলটি দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কিছু করবে এবং অবদান রাখবে।’ গতকাল বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটি আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি দেওয়া প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বিএনপি ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ নিয়ে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। ছাত্রদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘তোমরা যারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মানুষের কাছে যাচ্ছ দলের প্রতিনিধি হিসেবে। যাদের কাছে যাচ্ছ, তারা ভবিষ্যতে এ দেশের নেতৃত্ব দেবে। তাদের কথা শুনবে। তাদের মতামত গ্রহণ করবে। তাদের মধ্য থেকে ভবিষ্যৎ সম্ভাবনাময়ী মানুষ বেরিয়ে আসবে। তাদেরকে আমাদের যে লক্ষ্য, দেশ ও দেশের মানুষের জন্য আমরা সে কাজগুলো করব এবং সঠিকভাবে বাস্তবায়নে সক্ষম হব। সেটি আমরা তোমাদের কাঁধে দিয়েছি। তোমরা আত্মবিশ্বাস নিয়ে যাবে। মানুষের কাছে তুলে ধরবে।’

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমি এবং আমার দলের কোনো নেতারা মাঠে থাকব না। মাঠে থাকবে তোমরা। তাই তোমরা কীভাবে দলকে উপস্থাপন করছ, কীভাবে মানুষের কাছে তুলে ধরবে, তার বাস্তবতা আমাদের কাছে উঠে আসবে।’

তিনি আরও বলেন, ‘গত ৫ আগস্টের আগের প্রেক্ষাপট ছিল এক রকম। এখন প্রেক্ষাপট হচ্ছে অন্যরকম। আমরা করব, আমরা বলব। কীভাবে কী কী করব, সেটি আমরা তোমাদের হাতে তুলে দিয়েছি। তোমাদের কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমরা লড়েছি, আমরা গড়ব।’

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের সভাপতিত্বে দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ, বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ইসমাঈল জবি উল্লাহ এবং তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন। কর্মশালাটি পরিচালনা করেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

২০২৩ সালের ১৩ জুলাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা’ জাতির সামনে উপস্থাপন করেন।

সংস্কার প্রস্তাব তৈরিতে বিএনপির দায়িত্বপ্রাপ্তদের চিঠি : রাষ্ট্র মেরামতে পূর্ণাঙ্গ যুগোপযোগী সংস্কার প্রস্তাব তৈরি করতে ছয়টি কমিটি করেছে বিএনপি। সংবিধান, নির্বাচন কমিশন ব্যবস্থা, পুলিশ, জনপ্রশাসন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সংস্কারের প্রস্তাব তৈরি করতে এই ছয় কমিটি গঠন করা হয়। তার মধ্যে গতকাল দুর্নীতি দমন কমিশন সংস্কারে দায়িত্বপ্রাপ্তদের ছাড়া বাকি পাঁচটি কমিটির আহ্বায়ক ও সদস্যদের অনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বিএনপি। দলের কেন্দ্রীয় দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। দু-এক দিনের মধ্যে এসব কমিটি কাজ শুরু করবে বলে জানা গেছে। কমিটির কার্যক্রম শেষ হওয়ার পর সব সুপারিশ একত্রিত করে প্রস্তুত করা হবে দলের পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাব। এরপর তা জনসমক্ষে প্রকাশের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধানসহ সরকারের ছয়টি সংস্কার কমিশনের কাছে উপস্থাপন করা হবে।