একই স্থানে বিএনপির দুই গ্রুপের সমাবেশ, ১৪৪ ধারা জারি

জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপির দুই গ্রুপ একই স্থানে একই সময়ে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১২টা থেকে রাত ১২ টা পর্যন্ত ১৪৪ ধারা বলবত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৩টায় জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশের আহবান করে বিএনপির দুইটি গ্রুপ। এ কারণে ঘটনাস্থলে আইশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকা থাকায় ফৌজদারী কার্যবিধি মোতাবেক ১৪৪ ধারা জারি করা হয়। এতে সেই স্থান কিংবা তার আশপাশের ১ কিলোমিটারের মধ্যে সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, মিটিং, মাইকের ব্যবহারসহ এলাকায় শান্তিপূর্ণ বিঘ্ন হতে এমন বেআইনি কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে।

আক্কেলপুর পৌর এলাকার ১ ও ২, ৩ নং ওয়ার্ড বিএনপির কমিটি করাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপ একই স্থানে একই সময়ে সমাবেশ ডাকে। ১৪৪ ধারা জারি করায় কোন পক্ষ সমাবেশ করতে পারেনি।