আদালত চত্বর থেকে পালানো আসামি গ্রেপ্তার, সাত পুলিশ সদস্যকে অব্যাহতি

খুলনা আদালত চত্বর থেকে পালানোর পর গ্রেপ্তার হয়েছে চুরি মামলার আসামি হৃদয় সরদার। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ২টায় বাসে করে বাগেরহাট পালানোর সময় কাটাখালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এ ঘটনায় কোর্ট পুলিশের এসআই কৃপাসিন্দুসহ চার এএসআই ও দুই কনস্টেবলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এর আগে বেলা ১১টার দিকে খুলনা মহানগর হাকিম আদালত চত্বর থেকে দৌড়ে পালিয়ে যায় হৃদয় সরদার।

পুলিশ জানিয়েছে ২০২৩ সালের একটি চুরি মামলায় হৃদয় সরদার গত ১০ জুলাই দৌলতপুর থানা পুলিশ পাবলা দত্ত বাড়ি থেকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। 

বৃহস্পতিবার কারাগার থেকে মামলার হাজিরা দিতে তাকে খুলনা মেট্রোপলিটন আদালত চত্বরে নেওয়ার পথে ১১টার দিকে সে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশকে সর্তক করে নিরাপত্তা জোরদার ও চেক পোস্ট বসানো হয়। বাগেরহাটের দিকে বাসে পালানোর সময় দুপুর ২টার দিকে হৃদয়কে কাটাখালি চেকপোস্টে ফকিরহাট থানা পুলিশ আটক করে।

এ ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার প্রসিকিউশন মনিরা সুলতানা বলেন, চুরির মামলায় হৃদয় নামে এক আসামি জেল হাজতে ছিল। বৃহস্পতিবার সকাল ১১টায় আদালতে নিয়ে আসার সময় দৌড়ে পালিয়ে যায়। পুলিশের বিশেষ নিরাপত্তা চৌকির মাধ্যমে কাটাখালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ৭ পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। এখন তদন্তে তারা দোষী হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।