মৌলভীবাজারের কুলাউড়ায় প্রকল্পের কাজের জন্য আগামীকাল শুক্রবার (১৮ অক্টোবর) থেকে রোববার (২০ অক্টোবর) পর্যন্ত উপজেলার বিভিন্ন ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন সিলেট বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন-২ প্রকল্পের সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সালেহ।
তিনি জানান, প্রকল্পের আওতাধীন ১১ কেভি লাইনের কাজের জন্য শুক্রবার ভোর ৫টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলা ও কাদিপুর ফিডার এবং শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হাসপাতাল ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তিনি আরও জানান, শনি ও রবিবার প্রতিদিন সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নার্সারি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সহযোগিতা কামনা করে সাময়িক এ অসুবিধার জন্য তিনি দুঃখপ্রকাশ করেছেন।