তৃতীয় দিনে এসে মুলতানের দ্বিতীয় টেস্টের চিত্রনাট্যে কেবল স্পিনারদের রাজত্ব। এদিন দুই দল মিলিয়ে উইকেট পড়েছে ১৬টি যার ৩টি মাত্র পেয়েছেন পেসাররা। বাকিগুলো সব স্পিনারদের। ৬ উইকেটে ২৩৯ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩০০ পেরোতে পারেনি। ২৯১ রানেই তাদের থামিয়ে দেন পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলি। সাজিদ শিকার ধরেন ৭টি আর নোমান বাকি ৩টি।
এর পর পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডও হাঁটে স্পিনের পথে। দুই প্রান্ত দিয়ে বোলিং শুরু করেন জ্যাক লিচ ও শোয়েব বশির। শুরু করলেও ইনিংস টানতে পারেননি পাকিস্তানের সালমান আগ ছাড়া আর কোনো ব্যাটার। ৬৩ রান করেন সালমান। অভিষেক ইনিংসে সেঞ্চুরির পর এবার ২৬ রানে ফিরে যান কামরান গুলাম। বশির ৪টি ও লিচ ৩টি উইকেট নেন। ব্রাইডন কার্স ২টি ও ম্যাথিউ পটস ১ উইকেট পান। তাতে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস থামে ২২১ রানে।
২৯৭ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা ইংল্যান্ড শেষ বেলায় ১১ ওভার ব্যাটিংয়ের সুযোগ পান। ওই সময়ের মধ্যেই তারা হারিয়ে বসে দুই ওপেনারকে। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান বেন ডাকেট দ্বিতীয় বলেই ফেরেন ‘ডাক’ মেরে। ওলি পোপ ২১ ও জো রুট ১২ রানে ক্রিজে আছেন। দিনশেষ ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৩৬ রান।