এস আলমকে অনৈতিক সুবিধা: ৩ আয়কর কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আলোচিত ব্যবসায়ী এস আলমের দুই ছেলের আয়কর নথিতে বাড়তি সুবিধা দেওয়া ও এর বিনিময়ে ঘুষ গ্রহণের অভিযোগে আয়কর বিভাগের তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বরাখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- অতিরিক্ত কর কমিশনার সাইফুল আলম, যুগ্ম কর কমিশনার এ কে এম শামসুজ্জামান ও সহকারী কর কমিশনার মো. আমিনুল ইসলাম।

গতকাল বুধবার এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

এনবিআর সূত্রে জানা গেছে, ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলমের (এস আলম) দুই ছেলে আশরাফুল আলম ও আসাদুল আলম মাহির ৫০০ কোটি টাকা অপ্রদর্শিত আয় বৈধ করার মাধ্যমে ৭৫ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন। কর ফাঁকি দিতে ব্যাংকের দুটি পে-অর্ডারের মাধ্যমে অনিয়মের আশ্রয় নেন তারা।

কর কর্মকর্তারা জানান, ব্যক্তিগত পর্যায়ে ২৫ শতাংশ করহার বিবেচনায় ৫০০ কোটি টাকার বিপরীতে ১২৫ কোটি টাকা কর দিতে হতো। অথচ তারা দিয়েছেন মাত্র ৫০ কোটি টাকা। এই বিশেষ সুযোগ তৈরি করে দিয়েছিলেন সাময়িক বরখাস্ত হওয়া এই তিন কর্মকর্তা।