ঘরের মাঠে মাত্র ৪৬ রানে অল-আউট হয়ে মহাবিপাকেই পড়েছে ভারত। ব্যাঙ্গালুরুতে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৪০২ রানের পাহাড় গড়েছে। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন তরুণ তুর্কী রাচিন রবীন্দ্র। তার ব্যাটে ভর করেই ৩৫৬ রানের লিড নিয়েছে কিউইরা। দ্বিতীয় ইনিংসে তাই ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচের তৃতীয় দিন আজ শুক্রবার ৩ উইকেটে ১৮০ রান নিয়ে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। রাচিন অপরাজিত ছিলেন ২২ রানে আগের দিন মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন ওপেনার ডেভন কনওয়ে। তবে রাচিন সে ভুল করেননি। ৮৮ বলে তুলে নিয়েছেন ফিফটি। এরপর বেশ আগ্রাসী মেজাজে রান তুলেছেন। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিতে খেলেছেন ১২৪ বল, হাঁকিয়েছেন ১১টি চার এবং ২টি ছক্কা।
শেষদিকে টিম সাউদির ৭৩ বলে ৬৫ রানের চমৎকার ইনিংসটি দলের স্কোর বড় ভূমিকা রেখেছে। রাচিনের সঙ্গে তার ৮ম উইকেট জুটিতে এসেছে ১৩২ বলে ১৩৭ রান! এক সাউদি ছাড়া কিউইদের মিডল অর্ডার আর লোয়ার মিডল অর্ডারের কেউ বিশের ঘরেও যেতে পারেননি। আউট হওয়ার আগে রাচিন ১৫৭ বলে ১৩ চার এবং ৪ ছক্কায় ১৩৪ রান করেছেন। ভারতের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা, দুটি নিয়েছেন মোহাম্মদ সিরাজ। জবাবে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছে।