শিখ নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ ‘র’ এজেন্টের বিরুদ্ধে

ভারতের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে গুরপতবন্ত সিং পান্নুন নামে এক শিখ নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। বিকাশ যাদব নামে ওই কর্মকর্তার বিরুদ্ধে হত্যার জন্য ঘাতক ভাড়া ও অর্থপাচারের অভিযোগসহ তিনটি অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি অফিস এ তথ্য জানায়।

অ্যাটর্নি অফিসের বরাতে বিবিসি জানায়, যাদবের বিরুদ্ধে প্রথমবারের মতো অভিযোগ গঠনে ভারত সরকার সরাসরি একজন ভিন্নমতাবলম্বীকে হত্যার চেষ্টার সঙ্গে জড়িত হলো।

এই মামলায় আরেক অভিযুক্ত ভারতীয় নাগরিক নিখিল গুপ্তাকে চলতি বছরের শুরুর দিকে প্রাগের একটি কারাগার থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়।

এদিকে ভারত সরকার বলেছে, তারা যুক্তরাষ্ট্রে চলমান তদন্তে সহযোগিতা করছে। যাদবের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তারা এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সাংবিধানিকভাবে সুরক্ষিত অধিকার চর্চার জন্য সহিংসতা বা প্রতিশোধ নেওয়ার অন্যান্য প্রচেষ্টা এফবিআই সহ্য করবে না।’

ভারত পান্নুনকে সন্ত্রাসবাদী হিসাবে চিহ্নিত করেছে। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করে নিজেকে খালিস্তানের পক্ষে একজন সক্রিয় কর্মী বলে দাবি করেছেন।

মার্কিন অভিযোগ অনুসারে, বিকাশ যাদব পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের পেছনে মূল পরিকল্পনাকারী। তিনি ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক কর্মকর্তা।

২০২৩ সালের মে মাসে নিখিল গুপ্তা নামে একজনকে এই কাজের জন্য নিয়োগ করেছিলেন। ভারতে গুপ্তার বিরুদ্ধে একটি মামলা খারিজ করার বিনিময়ে তাকে এ পরিকল্পনায় যুক্ত করা হয়।

অভিযোগে বলা হয়েছে, ‘গোয়েন্দা কর্মকর্তা যাদব ২০২৩ সালের জুন বা তার কাছাকাছি সময়ে গুপ্তকে পান্নুনের ব্যক্তিগত তথ্য সরবরাহ করে। তার মধ্যে রয়েছে নিউ ইয়র্ক সিটিতে ভুক্তভোগীর বাড়ির ঠিকানা, ভুক্তভোগীর ফোন নম্বর এবং প্রতিদিনের আচরণ সম্পর্কে বিস্তারিত তথ্য।