টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৬:০৪ পিএম

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গোসলে নেমে আলী আহসান (৪২) নামে এক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন কেন্দ্র টাঙ্গুয়ার হাওরে এই দুর্ঘটনা ঘটে। আলী আহসান পেশায় একজন ব্যাংকার। তিনি ঢাকায় জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসে কর্মরত ছিলেন।

আলী আহসানের সাথে ঘুরতে আসা সহকর্মী আমিনুর রহমান জানান, ঢাকা থেকে ৩৪ জনের একটি টিম সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরের ঘুরতে আসেন তারা।

হাউজবোটটি দুপুর ১২টার দিকে হাওরের ওয়াচ-টাওয়ারে যাত্রা বিরতি করে। সেখানে সবাই গোসলের জন্য পানিতে নামেন। তখন হাওরে কিছুটা ঢেউ ছিল। একপর্যায়ে গোসল শেষ করে সবাই বোটের উপরে উঠে আসলেও সহকর্মী আলী আহসানের আর দেখা মিলেনি। তখন থেকেই আলী আহসান নিখোঁজ।  

প্রায় চার ঘণ্টা পর বিকেল সাড়ে ৪ টার দিকে ঐ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে সুনামগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। 

বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা তৎপরতা শুরু করি। পরে সুনামগঞ্জ ও তাহিরপুর উপজেলার ফায়ার সার্ভিসের লোকজন নিয়ে ডুবুরিদের সহায়তায় বিকেলে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করতে আমরা সক্ষম হই। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত