নেত্রকোনার বারহাট্টা পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মনির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে শুক্রবার সকালে তাকে রাজধানীর খিলক্ষেত থানায় হস্তান্তর করা হয়।
জানা গেছে, গত বুধবার মনির হোসেনসহ সারাদেশে পল্লী বিদ্যুতের ২০ কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশনার প্রতি অবজ্ঞা ও দপ্তরপরিপন্থী কাজ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
এর প্রতিবাদে নেত্রকোনায় বিদ্যুৎ সেবা বন্ধ করে দেন বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা। এতে ৬ লাখ ৩৫ হাজর ২৫৩ জন গ্রাহক দুর্ভোগের শিকার হন। নেত্রকোনার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেও পল্লী বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রাখা হয়।
নেত্রকোনা জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তার মনির হোসেনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা রয়েছে। তাই গ্রেপ্তারের পর তাকে খিলক্ষেত থানায় হস্তান্তর করা হয়েছে।