বিনা লাভের দোকান

লাগামহীন নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে না কিছুতেই। এ অবস্থায় সাশ্রয়ী দামে সাধারণ মানুষদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের উদ্দেশ্যে ‘বিনা লাভের দোকান’ শুরু হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা এই উদ্যোগ গ্রহণ করেছে।

নগরীর শিববাড়ীর মোড়ে  শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ দোকান চালু হয়েছে।

বিনা লাভের দোকানে ডাল ১ কেজি ৯৯ টাকা, ডিম ১ পিস ১২ টাকা, আলু ১ কেজি ৫০ টাকা, পেঁয়াজ ১ কেজি ১০০ টাকা ও লাউ ৪০ টাকা ও লালশাক ১২ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে।

এখানে বাজার করতে আসা ক্রেতারা বলেন, বাজারের উর্ধ্বগতির সাথে দাম বাড়ানোর পাল্লায় এই উদ্যোগ কিছুটা হলেও কাজ করবে। এখানে শিক্ষার্থীরা যে আলু বিক্রি করছে তার দাম ৫০ টাকা অথচ বাজারে একই আলু বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা। এই দামের পার্থক্য কমাতে শিক্ষার্থীদের এই উদ্যোগ সফল হবে বলে আশা করি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্সের সদস্য হৃদয় ঘরামী বলেন, বিনা লাভের দোকানে ৫ আগস্টের বিজয়ের পর স্বৈরাচারী সরকার পালালেও তাদের দোসররা এখনও এই দেশে রয়ে গেছে। যারা এই বাজার নিয়ন্ত্রণ করছে। যার ফলে হঠাৎ করে বাজারে অস্থিরতা দেখা গেছে। এরই ধারাবাহিকতায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফেরাতে এবং বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে আমাদের এই পদক্ষেপ।

তিনি আরও বলেন, আমরা এই মুহুর্তে শিববাড়িতে একটি দোকানের মাধ্যমে কার্যক্রম শুরু করেছি। আশা করি বিনা লাভের দোকান আমরা নগরীর ৩১টি ওয়ার্ডে খুব দ্রুতই ছড়িয়ে দেবে। এর ফলে বিভিন্ন বাজারে যেসব সিন্ডিকেট গড়ে উঠেছে তা ভেঙে দেওয়া হবে।