বিরামপুরে সাপের কামড়ে সাপুড়ের ছেলের মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে শাখা যমুনা নদীর পাড়ে সাপ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে শাকিল (১৮) নামের এক সাপুড়ের ছেলের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে পৌর শহরের হঠাৎপাড়া এলাকার নিজ বাড়িতে ওই যুবকের মৃত্যু হয়। এর আগে একই দিন বিকেলে পৌর শহরের ছোট যমুনা নদীর পাড়ে সাপ ধরতে গেলে তাকে সাপে কামড় দেয়।

স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফাহমিদা আক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নিয়ে বাড়ি  ফেরেন তিনি। অবশেষে রাত ১০টায় মারা যান শাকিল।

নিহতের বাবা আলম হোসেন সাপুড়ে বলেন, ‘সাপের কামড়ে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে শাকিলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করলেও অবস্থার অবনতি হয়। রাতে বাড়িতেই তার মৃত্যু হয়।’