মাঠে ফিরতে যে শর্ত দেওয়া হয়েছে নেইমারকে

দেখতে দেখতে এক বছর কেটে গেল। গত বছরের ১৮ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন ব্রাজিল সুপারস্টার নেইমার। ওই ম্যাচে ব্রাজিলের ২-০ গোলের হার ছাপিয়ে আলোচনায় ছিল তার চোট। এক বছর পর নেইমার এখন মাঠে ফেরার দ্বারপ্রান্তে। তবে একটা শর্তও আছে।

বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ১৫ নভেম্বর ব্রাজিলের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। ২০ নভেম্বর উরুগুয়ের মুখোমুখি হবে দরিভাল জুনিয়রের দল। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো স্পোর্ত’ জানিয়েছে, এ দুটি ম্যাচ সামনে রেখে নেইমারকে ফেরানোর পরিকল্পনা আছে টিম ম্যানেজমেন্টের। কিন্তু তার আগে নেইমারকে অবশ্যই আল হিলালের হয়ে মাঠে নামতে হবে।

সৌদি প্রো লিগে নেইমারকে এখনো নিবন্ধিত করতে পারেনি আল হিলাল। শুধু এএফসি চ্যাম্পিয়নস লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য নিবন্ধিত করতে পেরেছে। ক্লাবটির হয়ে গত বছরের অক্টোবরে তিনি শেষ ম্যাচ খেলেছিলেন। বছর ঘুরে আরেক অক্টোবরে তিনি ফের আল হিলালের অনুশীলনে যোগ দিয়েছেন।

আল হিলালের কোচ হোর্হে জেসুস জানিয়েছেন, আগামী সোমবার আল আইনের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ দিয়ে ব্রাজিল ফরোয়ার্ডের মাঠে ফেরার সম্ভাবনা আছে। ক্লাবের হয়ে নিজেকে প্রমাণ করতে পারলেই মিলবে জাতীয় দলে সুযোগ। ২৭ অক্টোবর ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা হতে পারে। আর চুড়ান্ত স্কোয়াড দেওয়া হবে ১ নভেম্বর।

জেসুস বলেছেন, ‘আজ (গতকাল) নেইমারের চোট পাওয়ার এক বছর পূর্ণ হলো। চিকিৎসাগত দিক থেকে সে পুরোপুরি সেরে উঠেছে এবং অনুশীলনেও যোগ দিয়েছে। আগামী দুই দিন সবকিছু এমন ইতিবাচক থাকলে দলের পরের ম্যাচে তাকে সংযুক্ত করা হবে।’