কুলাউড়ায় ২ ভারতীয় নাগরিক আটক

মৌলভীবাজারের কুলাউড়ায় ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে দুইজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার আলীনগর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদেরকে কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি।

আটকরা হলেন— ভারতের উনুকোটি জেলার ইরানি থানার অধিবাসী আব্দুল জলিল (৪৫) ও আব্দুল আহাদ (৩৯)।

৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে আলীনগর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেন জলিল ও আহাদ। এ সময় তাদের কাছে আলীনগর বিজিবির সদস্যরা কাগজপত্র দেখতে চাইলে তারা দুজনই বাংলাদেশে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। পরে তাদের আটক করে শনিবার সকালে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।

৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।