বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য করতে হবে, চাঁদাবাজির জন্য নয়। রাজনীতি হবে মানুষের সেবার জন্য, দখল দারিত্বের জন্য নয়। জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দখলদারিত্ব, ঘুষ বাণিজ্য ও দুর্নীতি থাকবে না। সকল মানুষ নিজেদের অধিকার ফিরে পাবে।
শনিবার (১৯ অক্টোবর) খুলনা অঞ্চল জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত উপজেলা ও থানা কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি আরও বলেন, আওয়ামী লীগের নেতারা দুর্নীতি করে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে।
কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেকের সভাপতিত্বে বক্তৃতা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমীর মুহাদ্দিস রবিউল বাশার, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম, মহানগরী নাযেবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম প্রমুখ।