ফুটবল খেলা নিয়ে বিরোধ

মুন্সীগঞ্জে সংঘর্ষে তিনজন টেঁটাবিদ্ধসহ আহত ১২

ফুটবল খেলা কেন্দ্র করে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে তিনজন টেঁটাবিদ্ধসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। এ সময় তিনটি বাড়িঘর ভাঙচুর করা হয়।

গতকাল শনিবার সকাল ৭টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামের রূপচান মিয়া ও নুরুউদ্দিন এবং মুজিবুর রহমান ও আবদুল আজিজ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। টেঁটাবিদ্ধ অবস্থায় মো. জাকির হোসেন (৪২), পিয়ার হোসেন (৩৫) ও মো. সিয়ামকে (২৮) ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

এর আগে গত শুক্রবার বিকেলে চরপানিয়া গ্রামের পূর্বপাড়া ও পশ্চিমপাড়া গ্রামের দুই দলের মধ্যে ফুটবল খেলা হয়। খেলা চলাকালে দুপক্ষের মধ্যে তর্ক ও হট্টগোল বাধে। সেই ঘটনার জেরে শনিবার সকালে রূপচান মিয়া ও নুরুউদ্দিন এবং মুজিবুর রহমান ও আবদুল আজিজ গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় আমিন উদ্দিন, আবদুল আজিজ ও গোলাম মোস্তফার বাড়িঘর ভাঙচুর করা হয়। ঘটনার পর সংঘর্ষে জড়িতরা গা ঢাকা দিয়েছে। এতে দুই গ্রুপের কারও বক্তব্য পাওয়া যায়নি।

সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, ফুটবল খেলা ও আধিপত্য বিস্তার নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে চরপানিয়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।