পটুয়াখালীর দুমকিতে দখল-দূষণে বিপন্ন পিরতলা খালের ময়লা-আবর্জনা অপসারণের উদ্যোগ নিয়েছে পবিপ্রবি ও স্থানীয় প্রশাসন। গতকাল শনিবার সকাল ৯টায় খালের ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. হেমায়েত জাহান, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আজাহার আলী মৃধা প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে পবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, বহু বছর ধরে ময়লা অপসারণ না করায় খালের পচা দুর্গন্ধে পথচারীরা অতিষ্ঠ হয়ে উঠেছিল। সুন্দর পরিবেশ বজায় রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মাহমুদ বলেন, ‘প্রাথমিকভাবে ময়লাগুলো কোনো সরকারি পতিত জায়গায় ফেলে দেওয়া হবে। পরে কোনো খাস জমি পেলে সেখানে স্থায়ীভাবে ফেলার ব্যবস্থা করা হবে।’