নেইমার নিজেই জানালেন, কাল মাঠে ফিরছেন

চোটে পড়ে দীর্ঘ এক বছরের বিরতির পর সোমমার মাঠে ফিরছেন নেইমার। আল হিলালের সোশ্যাল মিডিয়ায় দেয়া এক ভিডিও বিবৃতিতে নিজেই এ কথা জানিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। 

ভিডিওতে নেইমার বলেন, 'কেউ একজন ফিরে আসছে। আমি জানি, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমিও তাই। ২১ অক্টোবর, আমি আবার মাঠে ফিরছি।'

সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় আল-আইনের সঙ্গে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলবে আল হিলাল। 

৩২ বছর বয়সী এই ফুটবলার সম্প্রতি 'এনআর স্পোর্টস'-এর সাথে এক সাক্ষাৎকারে তার ইনজুরি নিয়ে আবেগঘন কিছু কথা বলেছেন। তিনি বলেন, 'আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস হলো ফুটবল খেলা। প্রতিদিন যখন আমি খেলতে পারি না, সেটা আমাকে প্রচণ্ড কষ্ট দেয়। এই দূরত্বই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে।' তিনি চোখের জল সামলাতে না পেরে বলেন, 'প্রতি বার আমি যখন আহত হই, আমি আবার ফিরে আসি। কিন্তু আমি কখনোই হার মানি না, এবং মন থেকে ফিরে আসি।' 

২০২৩ সালের ১৮ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই একটি ম্যাচে চোটে পড়েন নেইমার। লিগামেন্টে আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। 

২০২৩-এর আগস্টে যোগ দেয়ার পর সৌদি ক্লাবের হয়ে ৫টি ম্যাচ খেলতে পেরেছিলেন নেইমার।